আজ রংপুরে তারেক রহমানের জনসভা, করবেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সফর করছেন।
দলীয় সূত্র জানায়, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি পীরগঞ্জে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে এবং জনসভায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ (রংপুর-৬) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার কবর জিয়ারত আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু জানান, দলের প্রধানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আশা করি, কালেক্টরেট মাঠ জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমান এই জনসভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।