ম্যাগনেসিয়ামের অভাবে দেখা দিতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

ম্যাগনেসিয়াম শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি খনিজ, যা পেশির কার্যকারিতা, স্নায়ু ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়ক। বিশেষজ্ঞরা বলছেন, এই খনিজের ঘাটতি প্রাথমিকভাবে মাথাব্যথা, ক্লান্তি, বমি ভাব এবং ক্ষুধামান্দ্য তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, অস্টিওপরোসিস এবং অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ায়।
দৈনিক ম্যাগনেসিয়ামের চাহিদা বয়স ও লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়। ১৯ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের জন্য দৈনিক ৪০০ মিলিগ্রাম এবং নারীদের ৩১০ মিলিগ্রাম প্রয়োজন। ৩১ বছর বা তার বেশি বয়সে পুরুষদের জন্য ৪২০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ৩২০ মিলিগ্রাম দরকার। শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ৩০–২৪০ মিলিগ্রাম পর্যন্ত চাহিদা থাকতে পারে।
ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণের জন্য খাদ্যতালিকায় রাখতে হবে এই খনিজ সমৃদ্ধ খাবার: কুমড়োর বীজ, চিয়া বীজ, তিসি বীজ, কাঠবাদাম, কাজুবাদাম, সবুজ শাক-সবজি, ডাল, ব্রাউন রাইস, ডার্ক চকলেট। এছাড়া চর্বিযুক্ত মাছ, কলা, দুধ ও দইও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
চিকিৎসকরা বলেন, এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে স্নায়ু, পেশি ও হাড়ের দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখা সম্ভব এবং অনেক জটিল রোগ প্রতিরোধ করা যায়।