বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে অলিভ অয়েলের প্রাকৃতিক যত্ন

বিয়ের আগে যে কোনো কনের জন্য ত্বক নরম, কোমল ও উজ্জ্বল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুষ্ক আবহাওয়া, দূষণ এবং ইউভি রশ্মির কারণে ত্বক ধীরে ধীরে রুক্ষ ও প্রাণহীন হয়ে যেতে পারে। এই সময়ে প্রাকৃতিক যত্ন হিসেবে অলিভ অয়েল হতে পারে আপনার ভরসার নাম।
অলিভ অয়েলে প্রাকৃতিক ভিটামিন ই, পলিফেনল এবং হেলদি ফ্যাট থাকে, যা ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে, ক্ষয় রোধ করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
কিভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল:
১. ক্লিনজার হিসেবে:
এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মুখে মেখে ১-২ মিনিট হালকা ম্যাসাজ করুন। এটি ত্বকের মেকআপ, সানস্ক্রিন ও ময়লা গলিয়ে নিতে সাহায্য করবে। পরে ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিন এবং ফেসওয়াশ দিয়ে শেষ করুন।
২. নাইট ক্রিম হিসেবে:
ত্বক অতিরিক্ত শুষ্ক হলে দুই-তিন ফোঁটা অলিভ অয়েল মুখে মেখে হালকা ম্যাসাজ করুন। চোখের নিচে ও ঠোঁটের চারপাশে বেশি ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ত্বক নরম ও আর্দ্র থাকে।
৩. ফেসপ্যাক:
-
এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান।
-
চাইলে আধা চা চামচ বেসন ও পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে মসৃণ প্যাক বানাতে পারেন।
-
সামান্য মধু মিশিয়ে ফেসপ্যাক করলে ত্বক হালকা এক্সফোলিয়েট হয়, আর্দ্রতা বজায় থাকে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
পরামর্শ:
বিয়ের আগে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানেই ভরসা রাখুন। নিয়মিত ও সঠিকভাবে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক থাকবে কোমল, স্বাস্থ্যোজ্জ্বল এবং উজ্জ্বল।
সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া