ঢাকা উত্তরে ১৩৮ মাঠ-পার্কের সন্ধান, ২০ ওয়ার্ডে নেই কোনো গণপরিসর: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় মাঠ, পার্ক ও গণপরিসরের সার্বিক চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্যবহুল পোস্ট দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
পোস্টে একটি ম্যাপ প্রকাশ করে তিনি জানান, ডিএনসিসির নিজস্ব তালিকাভুক্ত মাঠ ও পার্কের সংখ্যা ৩২টি। পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থার মালিকানাধীন আরও বহু মাঠ ও পার্ক রয়েছে। গত ১০ মাসে তার নেতৃত্বাধীন টিম এসব সংস্থার মালিকানাধীন হলেও দখল হয়ে যাওয়া ৩১টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মাঠ ও পার্কের টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে রাজউক, ন্যাশনাল হাউজিং অথরিটি, গণপূর্ত অধিদপ্তর, ডিএনসিসি, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটি গঠনের কথা জানান তিনি। নাগরিকদের সম্পৃক্ত করে আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে শহরের সব মাঠ ও পার্ক ব্যবস্থাপনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।
তিনি আরও জানান, এই উদ্যোগের অংশ হিসেবে কর্পোরেশন বোর্ড মিটিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এর আগে তার নির্দেশনায় ডিএনসিসি এলাকায় একটি মাঠ জরিপ পরিচালনা করা হয়। জরিপে কেবল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেই ১৩৮টি মাঠ ও পার্কের অস্তিত্ব পাওয়া গেছে।
তবে জরিপে উঠে এসেছে একটি উদ্বেগজনক তথ্য—ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে কোনো মাঠ, পার্ক বা গণপরিসর নেই। অর্থাৎ বাকি ৩৪টি ওয়ার্ডেই এই ১৩৮টি মাঠ ও পার্কের অবস্থান। এ সংক্রান্ত একটি ম্যাপ ইতোমধ্যে প্রস্তুত করে পোস্টের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, পরবর্তী ধাপে বিদ্যমান মাঠ ও পার্কগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং লোকাল এরিয়া স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী মাঠ-পার্কবঞ্চিত ২০টি ওয়ার্ডে নতুন গণপরিসর তৈরির জন্য ডিপিপি প্রণয়নের কাজ করা হবে।