খালেদা জিয়ার জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের জনস্রোত

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে ছুটে আসছেন। উপস্থিত মানুষের চোখেমুখে স্পষ্ট এক গভীর শোক ও বেদনার ছাপ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে দেখা যায়, জানাজার নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের স্রোত আরও বাড়তে থাকে।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়িতে মন টেকেনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে চলে এসেছি।
নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। তার শেষ বিদায়ে উপস্থিত থাকাই আমাদের দায়িত্ব মনে করেছি।
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যানসহ আশপাশের স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।