এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে খালেদা জিয়া , দেশবাসীর দোয়া চাইলেন তারেক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক ও উদ্বেগজনক। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, চিকিৎসা–পরবর্তী জটিলতার কারণে তার শারীরিক অবস্থা সংকটময় পর্যায়ে পৌঁছেছে, যা দেশজুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এমন সংকটময় সময়ে মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দলের মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, “এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করছি।”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নেত্রীর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমেও তার আরোগ্যের জন্য দোয়া ও সমর্থন বার্তা অব্যাহত রয়েছে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চিকিৎসার অগ্রগতি অনুযায়ী পরবর্তী আপডেট আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার অবস্থা বর্তমানে এমন পর্যায়ে যে তার উন্নতি হয়েছে—এমনটি বলার অবকাশ নেই। তবে মহান আল্লাহর রহমতে এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারলে ভালো কিছুর আশা করা যেতে পারে।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান মায়ের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর নানা কর্মসূচি শেষে তিনি পুনরায় হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। তারা দীর্ঘক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন এবং চিকিৎসার সর্বশেষ আপডেট গ্রহণ করেন। রাত ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।
তারেক রহমান হাসপাতালের অন্য রোগীদের সুবিধার কথা বিবেচনা করে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। ডা. জাহিদ হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সচেতন যে কোনোভাবেই যেন সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়। এ কারণে তিনি নেতাকর্মীদের অতিউৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ ও অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন দলের নেতাকর্মীরা। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে থাকা মানুষের কাছে দেশনেত্রীর জন্য দোয়া অব্যাহত রাখার আকুল আবেদন জানানো হয়েছে।