শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, নজরুলের কবরেও শ্রদ্ধা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে তার সমাধিস্থলে পৌঁছেছেন। বেলা ১১টা ১৬ মিনিটে তাকে বহনকারী গাড়িটি কবরস্থলে পৌঁছায়।
এসময় তিনি কেবল শহীদ হাদির কবরেই নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী। তারা স্লোগান দিয়ে শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, “আজ আমাদের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাব।”
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা ইসরাফিল ইসলাম বলেন, “শহীদ হাদি শুধু একটি নাম নয়; তিনি গণতন্ত্র ও ছাত্ররাজনীতির আত্মত্যাগের প্রতীক। তারেক রহমানের কবর জিয়ারত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার প্রকাশ।”
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় থেকে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে সরে গেছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, আজ শহীদ হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে মঞ্চ আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় পুনরায় শাহবাগে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশের জনগণকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।