ঢাবিতে শহীদ হাদি’র কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বের হন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় তারা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তারেক রহমানের সফরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং বিপরীত দিকে শাহবাগমুখী সড়কেও পুলিশের অতিরিক্ত ব্যারিকেড লক্ষ্য করা যায়।
ছাত্রদলের এক কর্মী সাজিদ বলেন, দেশের আগামীর নেতৃত্ব তারেক রহমানের আগমন উপলক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং শহীদ হাদির হত্যার বিচার দাবি জানাচ্ছি।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কথা থাকলেও সেখানে বর্তমানে কোনো আহত ব্যক্তি চিকিৎসাধীন না থাকায় কর্মসূচিটি বাতিল করা হয়েছে।