গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, তুমুল উচ্ছ্বাস-স্লোগানে বরণ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে উঠেছে ৩০০ ফিট ও আশপাশের এলাকা। মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দিয়েছেন তিনি।
প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি বিশাল গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে তিনি মঞ্চের উদ্দেশে রওনা হন এবং দুপুর ২টার দিকে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান।
সকালে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দুপুর ১২টা সাড়ে ১২ মিনিটে বিমানবন্দর ত্যাগের সময় তারেক রহমান জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন। এটি পরিকল্পিত নয়, তবে তিনি ফুল বাগানের মধ্যে থাকা ঘাস ও গাঁদা ফুলের ওপর দাঁড়িয়ে একটি দলা মাটি হাতে নেন এবং মমতায় তা দেখান।
দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন এবং দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।