বড়দিন উপলক্ষে দেশে গির্জায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বড়দিনের উৎসব উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, উৎসব উদযাপনে সাধারণত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। পুলিশ সাধারণ মানুষ ও ধর্মপ্রাণদের শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উদযাপন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল চার্চ (গির্জা) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডিসি মাসুদ আলম বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উপলক্ষে আমাদের কমিশনার স্যার সবাইকে নিয়ে বসেছিলেন। আমাদের বেশ প্রস্তুতি আছে। সব জায়গায় যেনো সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে সে জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।
তিনি বলেন, কাকরাইলের এই চার্চ অন্যতম বড় একটি চার্চ। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা-তো আছে, এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। আমাদের মনে হয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। বড়দিনের উৎসব সুন্দরভাবে পালন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।