বাংলাদেশে নির্বাচনের আগে কানাডার সতর্কতা

কানাডার সরকার বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
২৪ ডিসেম্বর বুধবার কানাডার সরকার ভ্রমণ পরামর্শ আপডেট করে জানায়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
ভ্রমণ পরামর্শ অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বরসহ নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও জনসমাবেশের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় বড় জমায়েত এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় স্থানীয় প্রশাসন সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে এবং কিছু এলাকায় চলাচলের ওপর অস্থায়ী বিধিনিষেধ আরোপ করতে পারে।
ভ্রমণকারীদের জন্য আরও সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, শান্তিপূর্ণ জমায়েতও মাঝে মাঝে ব্যাহত হতে পারে। ঢাকা ও অন্যান্য বড় শহরে যান চলাচল বিঘ্নিত হতে পারে, যার ফলে নাগরিকদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। শহুরে এলাকা ছাড়িয়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কানাডা হাইকোমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী ধর্মঘটের কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা স্থানীয় সংবাদ মাধ্যম ও সরকারী নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলুন।
উল্লেখ্য, এই সতর্কতা মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনা করে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, জরুরি প্রয়োজন ছাড়া নির্বাচনের সময় ঢাকা বা অন্যান্য বড় শহরে ভ্রমণ সীমিত রাখুন এবং জনসমাবেশ বা বিক্ষোভের কাছাকাছি না যান।
কানাডা সরকারের এই সতর্কতা বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপদভাবে চলাচলের জন্য কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নাগরিকরা অবশ্যই তাদের ব্যক্তিগত নিরাপত্তা, যাতায়াত এবং আবাসস্থলের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকবেন।