ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন।
রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ১০৮ জন। বাকি ২৭৯ জন দেশের অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক লাখ ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৭২৯ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৯ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, সারা বছরই এর সংক্রমণ দেখা যাচ্ছে। বৃষ্টির সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ প্রয়োগের পাশাপাশি ব্যাপক প্রচার ও জনসচেতনতা বাড়াতে হবে।”
এদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জেল-জরিমানা বা সচেতনতা দিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সঠিক জরিপের মাধ্যমে মশার ঘনত্ব নির্ণয় করে দক্ষ জনবল দিয়ে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।