হাদির ওপর হামলায় ব্যবহৃত বাইকের মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মো. আব্দুল হান্নান (৪৩)।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা হয়। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫।
পরবর্তীতে বিআরটিএ থেকে যাচাই করে জানা যায়, মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না—সে বিষয়ে তদন্ত চলছে।
এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনও আশঙ্কামুক্ত নন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।