হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবাই তার জন্য দোয়া করবেন। সবার সহযোগিতায় খুব দ্রুত অভিযুক্তদের ধরা সম্ভব হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসামিদের ধরার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে এবং সরকারের লক্ষ্য আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের কাছে অস্ত্র জমা রয়েছে, তা ফেরত দেওয়া হবে এবং নির্বাচনে অংশগ্রহণকারীরাও প্রয়োজনীয় ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স পাবেন।”
তিনি জামিন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি।”
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশের রাজনীতিতে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই হামলার ঘটনা প্রমাণ করে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কতটা জরুরি।