কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সম্পদের তথ্যসহ নির্বাচন প্রস্তুতিতে আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
আসিফ মাহমুদ জানান, পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic Passport) এবং সম্পদের বিবরণী (Statement of Assets) সরকারের কাছে দাখিল করেছেন।
তিনি বলেন, "নির্বাচনে অংশ নেওয়ার জন্য আইন অনুযায়ী যেসব প্রক্রিয়া অনুসরণ করা দরকার, আমি তা করছি। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সব দাপ্তরিক কাজ সম্পন্ন করেছি।"
সম্পদের বিবরণী দাখিল করবেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমি সম্পদের বিবরণী আজ সকালেই দাখিল করেছি। আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি বাতিল করেছি।
এদিকে পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।
আপনি কি আগামীকাল উপদেষ্টা পরিষদ বৈঠকে পদত্যাগপত্র জমা দেবেন নাকি আজ দিয়েছেন- এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আমাকে ডাকা হয়েছে। বাকিটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানানো হবে।
তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন সেটা পরবর্তীসময় জানানো হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা রয়েছেন ২২ জন। আসিফ মাহমুদ পদত্যাগ করলে উপদেষ্টাদের সংখ্যা হবে ২১। প্রধান উপদেষ্টা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। ১০ জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।