প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কুয়েতে নতুন নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে প্রবাসীদের এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশনের 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) অ্যাপ ব্যবহার করে কীভাবে নিবন্ধন করতে হবে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। একই সাথে, ভোটাধিকার প্রয়োগে ইচ্ছুক সকল প্রবাসী বাংলাদেশিকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কুয়েত প্রবাসীরা দেশে না এসেই জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
দূতাবাস জানায়, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর ২০২৫-এর গণশুনানি ৮ ডিসেম্বর (সোমবার) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়া গণশুনানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কুয়েতে থেকে ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হয় এবং ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।