ত্রয়োদশ সংসদ নির্বাচন তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। এই সাক্ষাতে তারা নির্বাচনের তারিখ, সার্বিক প্রস্তুতি এবং তফসিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
এর আগে ইসি জানিয়েছিল, ৭ ডিসেম্বরের কমিশন সভার পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই দ্রুততম সময়ে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, তফসিল রেকর্ডের জন্য ওইদিনই বিটিভিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
তিনি বলেন, ‘১০ অথবা ১১ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।’
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না উল্লেখ করে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।’
মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে ভোট দেয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।’