প্রবাসী ভোটার নিবন্ধন ৯২ হাজার অতিক্রম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) এই নতুন উদ্যোগের ফলে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হলো।
ইসি সূত্রে জানা যায়, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) নামে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা তাদের নিবন্ধন সম্পন্ন করছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রথম প্রবাসীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং ভোটাধিকার প্রয়োগকে আরও সহজ করবে।
নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ ভোটার, ১৪ হাজার ৭৯৯ জন নারী ভোটার রয়েছে।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে৷
গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চলছে।