দোয়ারাবাজারে জমি বিরোধে হামলা, থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম নৈনাটি গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হক (৬০) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম নৈনাটি গ্রামের মৃত আব্দুল গনি’র পুত্র মোঃ আব্দুল হক দীর্ঘদিন ধরে ওই গ্রামেরই মৃত আকিক আলীর ছেলে মনু মিয়া, মনু মিয়ার ভাইরা ও তাদের সহযোগীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার দিকে আব্দুল হক তার বাড়ির সামনে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং হামলার চেষ্টা চালায়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং জমি দখলের উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মোঃ আব্দুল হক দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”