সরকার ভর্তুকি দিয়ে রক্ষা করবে কৃষকদের সারের দাম

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে আমন ধান কাটা শুরু হয়েছে। তিনি বলেন, “যদি আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকে, তাহলে আমনের ফলন ভালো হবে।”
এছাড়া আলু উৎপাদনের বিষয়ে তিনি সতর্ক করেছেন, যে আলু বেশি উৎপাদন হওয়ায় দাম কমে যাচ্ছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তিনি কৃষকদের পরামর্শ দিয়েছেন, বাজার পরিস্থিতি ও আবহাওয়া খতিয়ে দেখে ফসলের সঠিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
কৃষি উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের উৎপাদনও এবার ভালো। এবার পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না। আমদানিকারকরা পাগল হয়ে গেছে, আমদানির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। শীতের সবজি আসা শুরু হয়েছে, আরও আসলে দাম কমবে। এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি করা হয়েছে। আশা করি, এবার সবজির দাম রিজনেবল থাকবে।’
সারের কোনো সংকট নেই নেই জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতো দিন আছে সারের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না। কৃষকের জন্য সারের দাম নির্ধারিত, আমদানি মূল্য বাড়লেও ভর্তুকি দেবে সরকার। সার নিয়ে নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। কৃষি জমি সুরক্ষা আইন করে যেতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।