১৬ বছর পর ফিরছে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর দীর্ঘ ১৭ বছর পর এটাই প্রথমবার, যখন কোনো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে “ফুল মিশন” পাঠাতে যাচ্ছে ইইউ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার।
তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। তাই ইউরোপীয় ইউনিয়ন এবার পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।”
ইইউর এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে।
বিবৃতিতে জানানো হয়, ইইউর এই পর্যবেক্ষক দলে থাকবে ১৫০ থেকে ২০০ জন পর্যবেক্ষক, যারা নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে থেকেই কার্যক্রম শুরু করবেন। সেই অনুযায়ী, মিশনের সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
মাইকেল মিলার জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে। এর আগে, ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অভাবের কারণে ইইউ পর্যবেক্ষক পাঠায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই মাসে সনদ স্বাক্ষর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইইউর এই সিদ্ধান্তকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।