বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লড়াকু ড্রয়ের পর মাঠে হামজাকে কাঁধে তুলে ধরলেন বাংলাদেশি দর্শকরা

লড়াকু ড্রয়ের পর মাঠে হামজাকে কাঁধে তুলে ধরলেন বাংলাদেশি দর্শকরা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের মাঠে দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল। যদিও টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না, তবুও র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ফল বাংলাদেশ দলের জন্য সাহস জোগাবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামেন হংকংয়ের ফুটবলাররা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তারা গোলের মাধ্যমে এগিয়ে যায়। তবে পিছু হটেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালিয়ে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। গোলটি আসার পর থেকেই প্রবাসী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ।

শেষ মুহূর্তে জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। তবুও পুরো ম্যাচে লড়াকু মনোভাব দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে দলটি।

ম্যাচ শেষে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় তাদের আনন্দের ঝড়।

এই ড্রয়ে বাংলাদেশ গ্রুপে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও পরের রাউন্ডে টিকে থাকতে এখন জয়ের বিকল্প নেই। তবুও প্রতিপক্ষের মাঠে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জামাল ভূঁইয়ার দল।

ম্যাচ শেষ করে টিম বাসে ওঠার সময় হামজাকে দেখতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা তাকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে তাকে কাঁধে তুলে রীতিমতো নাচতে শুরু করেন। এসময় তারা ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’ স্লোগান দিতে থাকেন, যা ফুটবলের উন্মাদনার চূড়ান্ত রূপের এক নমুনা।

হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন এবং মাঠে পারফর্ম করে দলের অঘোষিত নেতাও হয়ে উঠেছেন। হংকংয়ের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে তিনি দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেছিলেন, যা দলকে দীর্ঘ সময় ধরে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। 

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও তিনি মাঠে সেরা খেলোয়াড়দের একজন ছিলেন এবং বল যেখানেই গেছে, তাকে সেখানেই দেখা গেছে। হামজা এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলে ২ গোল করেছেন এবং করিয়েছেন আরও এক গোল। তবে তার চেয়েও বড় প্রভাবটা তিনি রেখেছেন মাঠের বাইরে, কারণ তার আসার পরই বাংলাদেশে ফুটবলের উন্মাদনা চূড়ান্ত রূপে চলে গেছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন