বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে বড় চমক

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে বড় চমক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপ বাছাই পর্বে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে এখন তাদের মনোযোগ আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বাছাইপর্ব শেষ হওয়ায় মূলপর্বের আগে প্রস্তুতি হিসেবেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ঘোষিত সূচি অনুযায়ী, লিওনেল স্কালোনির শিষ্যরা আগামী ১১ ও ১৪ অক্টোবর প্রীতি ম্যাচে মাঠে নামবে। এই দুই ম্যাচে দলের কৌশল, নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স ও সম্ভাব্য একাদশ যাচাই করে দেখবেন কোচ স্কালোনি।
বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি প্রায় নয় মাস। তাই এই প্রীতি ম্যাচগুলোকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে আর্জেন্টিনা দল। মেসি ও তার সতীর্থরা এরই মধ্যে পরবর্তী টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার স্বপ্নে ছক কষছেন।

আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে রয়েছে বড় চমক, প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন ৩ ফুটবলার।
এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। কিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেনও আছেন আর্জেন্টাইন স্কোয়াডে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে।

দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সি এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও এবারই প্রথম সুযোগ পেয়েছেন দলে।

যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে দলের শক্তিমত্তা ও তারুণ্যকে ঝালিয়ে নিতে চান স্কালোনি। আন্তর্জাতিক বিরতিতে এটি তার জন্য বড় সুযোগ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল মেসির ওপরই নেতৃত্বের ভার দিয়ে রেখেছেন আর্জেন্টাইন বস।

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুনে।

আর্জেন্টিনা দল:এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ।

আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন