নুরকে ফোনে খোঁজ নিলেন তারেক রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফোনে নুরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নুরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারেক রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এ সময় তিনি তার স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।