বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিসিবি নির্বাচনে বাতিল ৩ মনোনয়ন, বুলবুল-ফাহিমের জয় নিশ্চিতের পথে

বিসিবি নির্বাচনে বাতিল ৩ মনোনয়ন, বুলবুল-ফাহিমের জয় নিশ্চিতের পথে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। শনিবার মোট ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে শেষ দিন ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে আজ সোমবার জানানো হয়েছে, এর মধ্যে ৩টি মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে বৈধ মনোনিয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।

৩টি বাতিলের মধ্যে রয়েছে ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন