বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

এশিয়া কাপ ২০২৫: সেরা ব্যাটসম্যান ও বোলার কারা?

এশিয়া কাপ ২০২৫: সেরা ব্যাটসম্যান ও বোলার কারা?
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারত এবারের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের দাপট শুধুমাত্র জয়েই সীমাবদ্ধ থাকেনি, ব্যক্তিগত সেরাদের তালিকাতেও টিম ইন্ডিয়ার আধিপত্য স্পষ্ট। ব্যাট হাতে অভিষেক শর্মা এবং বল হাতে কুলদীপ যাদব নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপ পর্বেও ব্যাট হাতে তিনি ছিলেন সাবলীল। মোট ৩১৪ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই তরুণ। তার ৩১৪ রান এসেছে ২০০-এর ওপর স্ট্রাইক রেটে।

অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। ফাইনাল পর্যন্ত যেতে না পারায় ৬ ম্যাচে তার সংগ্রহ ২৬১ রান (স্ট্রাইক রেট ১৬০.১২), আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই। তৃতীয় সেরা রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান, যিনি ৭ ইনিংসে ২১৭ রান করেছেন। এরপর আছেন ভারতের তিলক ভার্মা (২১৩ রান) এবং পাকিস্তানের ফখর জামান (১৮১ রান)।

ব্যাটিংয়ের সেরা পাঁচ :
অভিষেক শর্মা ৩১৪ রান
পাথুম নিসাঙ্কা  ২৬১ রান
সাহিবজাদা ফারহান ২১৭ রান
তিলক ভার্মা ২১৩ রান
ফখর জামান ১৮১ রান

বোলিংয়ে সবার সেরা ছিলেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। অন্যদের ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি ৭ ম্যাচে শিকার করেছেন ১৭টি উইকেট, ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.২৭ করে। ফাইনালেও ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন কুলদীপ। সেরা উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, যিনি ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তৃতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী, যিনি ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে চমক দেখান। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ফাইনালে বাজে বোলিং করলেও পাকিস্তানের হারিস রউফ ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে সেরা পাঁচে আছেন।

বোলিংয়ের সেরা পাঁচ :
কুলদীপ যাদব ১৭ উইকেট
শাহীন শাহ আফ্রিদি ১০ উইকেট
জুনায়েদ সিদ্দিকী ৯ উইকেট
মুস্তাফিজুর রহমান ৯ উইকেট
হারিস রউফ ৯ উইকেট


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন