হজ ২০২৬: সরকারি ব্যবস্থায় বিমান ভাড়া কমল, থাকছে তিনটি বিকল্প প্যাকেজ

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমিয়েছে সরকার। এবার বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, এবারের জন্য মোট তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
প্যাকেজগুলোর খরচ ও সেবার মান ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে ভিন্ন শ্রেণির মানুষের চাহিদা অনুযায়ী অংশগ্রহণ করা সহজ হয়। ধর্ম উপদেষ্টা বলেন, "সরকার হজযাত্রীদের খরচ কমানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে। বিমান ভাড়া কমানোর ফলে সামগ্রিকভাবে খরচ কিছুটা হলেও কমবে।"
তিনি আরও জানান, হজযাত্রীদের ভিসা, আবাসন, পরিবহন ও খাবার ব্যবস্থাপনা উন্নত করার জন্য সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
প্রস্তাবিত তিনটির মধ্যে প্যাকেজের মধ্যে প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
আর প্যাকেজ ৩-এর খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে।
ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে।
গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা করা হয়েছে।
খালিদ হোসেন আরো বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।