সিরাজগঞ্জে মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা চোর

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া মল্লিকপাড়ায় হাসানের মুদি দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম জসমত (৩৫), পিতা চান মিয়া। তার বাড়ি পূর্বে শ্যামপুরে হলেও বর্তমানে ভদ্রঘাট গুচ্ছগ্রামে বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দোকানের ভেতরে শব্দ শুনে নৈশ প্রহরী আবু সাইদ দোকান মালিক হাসানকে খবর দেন। পরে দোকান মালিক এসে আশেপাশের লোকজন ডেকে চোরকে ধরার চেষ্টা করলে সে দোকানীকে কিলঘুষি মেরে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে বেঁধে রাখে।
অভিযোগ রয়েছে, ওই রাতেই এলাকাবাসীর এক বাড়ি থেকে একটি মোবাইল ফোনও চুরি করেছে সে।
এ বিষয়ে সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, গভীর রাতে দোকানে চুরি করতে গিয়ে এক চোর ধরা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় চোরকে আটক করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।