নীলফামারীতে খড়খড়িয়া নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নীলফামারী সদরের খড়খড়িয়া নদী থেকে সৌদা বালা (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি দিগলডাঙ্গী গ্রামের বারুনীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌদা বালা ওই গ্রামের বিনাই চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদা বালা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে গ্রামের কয়েকজন কৃষক নদীর ধারে ঘাস কাটার সময় তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুই মেয়ে ও এক ছেলের জননী সৌদা বালা দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। মর্মস্পর্শী বিষয় হলো দুই বছর আগে একই রোগে আক্রান্ত হয়ে তার ছেলে পানিতে ডুবে মারা যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।