বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য: মেয়র শাহাদাত

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য: মেয়র শাহাদাত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সবুজ ও সুস্থ নগরী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই এই পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চসিক কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেনের কাছে এক হাজার গাছের চারা হস্তান্তর করে লায়ন্স ক্লাব অব চিটাগাং। এসময় তিনি এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দিয়ে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে গাছ আমাদের বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ—যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে। একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ নগরী। এখানে দূষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই দূষণরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো গাছ। সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ কাজে সম্পৃক্ত হতে হবে।

তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাংকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং নগরবাসীকেও নিজ নিজ জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, আইপিপি লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, লায়ন আলহাজ নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, ইসমাইল চৌধুরী, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন এস কে পালিত, লায়ন সোহেল খান এমজেএফ, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন রোকেয়া জামান, লায়ন নুর আকতার জাহান, মহাদেব ঘোষ, মানস বড়ুয়া, খোরশেদ আলী, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, অ্যারিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও বাঁধন ঘোষ, লিও জাহেদ উদ্দীন রিপন, লিও ইনতিশার রহমান, লিও মুবতাসিম তাজওয়ার ও লিও ইভান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন