পদ হারালেন হাটহাজারী জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারী উপজেলা আমীর মো. সিরাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামকে কেন্দ্র করে দেওয়া তার একটি বক্তব্যকে বিতর্কিত ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বক্তব্যে তিনি দাবি করেছিলেন— “বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করলে তা মেনে নেব না।”
বক্তব্যটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও আসে। সংগঠন মনে করে, এমন বক্তব্য বিনয়শীলতার পরিপন্থী এবং জনমানসে নেতিবাচক প্রভাব ফেলে।
রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমীর মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে তাকে উপজেলা আমীরের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। অতীতে যেমন পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় ছিল, ভবিষ্যতেও সেটি অক্ষুণ্ন থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া সাম্প্রতিক সংঘর্ষে আহত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।