ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনৈতিক অনুরোধের প্রেক্ষিতে সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ আগের মতোই বহাল থাকবে। তিনি বলেন, একটি সমন্বিত শান্তি প্রস্তাব তৈরির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ইরানের বর্তমান সরকার অভ্যন্তরীণভাবে দুর্বল ও বিভক্ত অবস্থায় রয়েছে—যা অনেকটা পূর্বানুমিত ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তাদের এই অনুরোধ বিবেচনায় নিয়ে ট্রাম্প ইরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, হামলা আপাতত স্থগিত থাকলেও মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত এড়াতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে আসছিলেন। ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হচ্ছিল, তখন ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিল।