সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম জানালেন ত্বক বিশেষজ্ঞ

তীব্র রোদে বের হলে ত্বক কালচে হয়ে যাওয়া স্বাভাবিক। কেউ ছাতা, সানগ্লাস বা স্কার্ফ ব্যবহার করলেও ত্বকের সমস্যা অনেক সময় কমে না। এতে অনেকের ধারণা হয়, সানস্ক্রিন কাজ করছে না। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, সমস্যা আসলে সানস্ক্রিনে নয়, বরং সঠিক পরিমাণে ব্যবহার না করার কারণে।
সানস্ক্রিন কতটা ব্যবহার করবেন
ইন্ডিয়ান এক্সপ্রেসে ডার্মাটোলজিস্ট ডা. রিংকি কাপুর জানান, অনেকেই মনে করেন সামান্য সানস্ক্রিন ব্যবহার করলেই যথেষ্ট। কিন্তু কার্যকরভাবে ত্বক সুরক্ষার জন্য সানস্ক্রিন লাগাতে হবে দুই আঙুল ভরে। অর্থাৎ আঙুলে ভরে যতটা সানস্ক্রিন হয়, সেই পরিমাণ ব্যবহার করলেই কেবল ত্বকের ওপর একটি সুরক্ষিত স্তর তৈরি হয়।
তিনি আরও বলেন, গরমে ত্বক বাঁচাতে এসপিএফ ৫০–এর কম সানস্ক্রিন ব্যবহার করা যাবে না। এর কম হলে তা পর্যাপ্ত সুরক্ষা দেবে না। বাইরে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগানো উচিত। এছাড়া ঘাম হলে বা পানি লাগলে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করা প্রয়োজন।
সানস্ক্রিন ব্যবহারের সঠিক সময়
অনেকেই ভোরবেলা বা সকালে রোদ কম থাকার সময় সানস্ক্রিন ব্যবহার করেন না। বিশেষজ্ঞরা এটিকে একটি বড় ভুল হিসেবে দেখছেন। সূর্যের অতিবেগুনি রশ্মি সকাল থেকেই সক্রিয় থাকে, আর সময়ের সঙ্গে তা বাড়তে থাকে। ফলে সকালবেলাতেও সানস্ক্রিন না লাগালে ত্বকের ক্ষতি হতে পারে।
শুধু মুখ নয়, শরীরের সব খোলা অংশ যেমন গলা, কান, হাত ও পা সব জায়গাতেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকেই শুধু মুখে সানস্ক্রিন লাগান, ফলে অন্য জায়গাগুলো কালচে হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, কেবল বাইরে নয়, ঘরেও সানস্ক্রিন লাগানো যেতে পারে। বিশেষ করে রান্নাঘরে আগুনের তাপ বা লাইটের তীব্র আলোও ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাড়িতে থেকেও প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল।
সানস্ক্রিন ব্যবহারের টিপস
- এসপিএফ ৫০ সানস্ক্রিন বেছে নিন।
- বাইরে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে লাগান।
- ঘাম হলে বা পানি লাগলে পুনরায় ব্যবহার করুন।
- শুধু মুখ নয়, গলা, কান, হাত-পায়ে ব্যবহার করুন।
- নিয়মিত ব্যবহার করুন, ঘরেও প্রয়োজনে লাগাতে পারেন।
সানস্ক্রিনকে শুধু একটি প্রসাধনী নয়, বরং দৈনন্দিন ত্বক সুরক্ষার অপরিহার্য অভ্যাস হিসেবে দেখা উচিত। সঠিক নিয়মে ও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করলে এটি ত্বককে রোদ, ধুলোবালি, এমনকি ঘরের ভেতরের ক্ষতিকর আলো থেকেও সুরক্ষা দেয়।
দৈএনকে/ জে. আ