ওজন কমানোর জন্য পুষ্টিবিদের প্রস্তাবিত সহজ নিয়ম

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ওজন কমানোর বিভিন্ন ট্রেন্ড ছড়িয়ে পড়েছে। তবে কোনটি সত্যিই কার্যকরী, তা বোঝা অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। সত্য হলো, ওজন কমানোর মূল চাবিকাঠি লুকিয়ে আছে কিছু সহজ দৈনন্দিন অভ্যাসে। পুষ্টিবিদ সারা ওয়াস্কো সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, কীভাবে তিনি ছোট ছোট নিয়ম মেনে দ্রুত ওজন কমাতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, সবাই খুঁজে বেড়ায় কোনো যাদুকরী রেসিপি, ঝটপট ব্যায়াম বা ফ্যান্সি স্মুদি। কিন্তু সত্যি বলতে, আমি ফল পেয়েছি একঘেয়ে অথচ কার্যকর অভ্যাসের মাধ্যমে। কোনো গ্ল্যামার ছিল না, কিন্তু ফলাফল ছিল শতভাগ।
১. পর্যাপ্ত ঘুম
সারা জানিয়েছেন, রাত জেগে নেটফ্লিক্স দেখার বদলে তিনি আগে ঘুমাতে যেতেন। যথেষ্ট ঘুম ক্ষুধা কমায়, মুড ভালো রাখে এবং মেটাবলিজম সচল রাখে। তার মতে, ঘুমই আসল ওজন কমানোর হ্যাক।
২. খাবারের হিসাব রাখা
প্রতিদিন কী কী খাচ্ছেন তা নোট করে রাখতেন সারা। এতে সচেতনতা বাড়ত এবং ভুল কম হতো। তিনি বলেন, অনুমান নয়, ট্র্যাকিংই আসল। যা নথিভুক্ত নয়, তা বদলানোও সম্ভব নয়।
৩. নির্দিষ্ট ব্রেকফাস্ট ও লাঞ্চ মেন্যু
অতিরিক্ত সিদ্ধান্ত এড়াতে তিনি একই ধরনের ৩–৫টি নাশতা ও দুপুরের মেন্যু ঘুরিয়ে ফিরিয়ে খেতেন। এতে শপিং সহজ হতো, আর ক্যালোরি নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে যেত।
৪. প্রোটিন আগে থেকে রান্না
সারা একসঙ্গে বেশি প্রোটিন রান্না করে কয়েকদিন খেতেন। যেমন রাতের খাবারে অতিরিক্ত মুরগি বা মাছ রান্না করে রাখতেন, যা পরদিন লাঞ্চ বা স্ন্যাকসে কাজে লাগত।
৫. ধারাবাহিক ব্যায়াম
তিনি সপ্তাহে তিনদিন ওয়েট ট্রেনিং করতেন, সঙ্গে কার্ডিও ও দৈনিক হাঁটা। এলোমেলো ট্রেন্ডি ওয়ার্কআউট নয়, বরং একটি নির্দিষ্ট ও ধারাবাহিক রুটিনই তাকে ফল দিয়েছে।
৬. ধৈর্য ধরা
ওজন কমানোর গতি কমে গেলেও তিনি নতুন করে ক্যালোরি কাটেননি বা ক্র্যাশ ডায়েট করেননি। ধৈর্য আর ধারাবাহিকতাই তার মূল শক্তি ছিল।
৭. প্রাকৃতিক খাবারে জোর
প্যাকেটজাত স্ন্যাকসের বদলে তিনি বেছে নিয়েছেন শাকসবজি, ফল, ডাল, মাছ ও মুরগির মতো আসল খাবার। এগুলোতে আছে ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টি, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
৮. লক্ষ্যভিত্তিক বাজার করা
সারা কেনাকাটায় সবসময় প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিতেন। যেসব খাবারের প্রতি তার নিয়ন্ত্রণ কম ছিল, সেগুলো তিনি ঘরে আনতেনই না। তার মতে, মোটিভেশন ভালো, তবে ডিসিপ্লিন আরও ভালো।
৯. আগে থেকে খাবারের পরিকল্পনা
ক্ষুধার্ত অবস্থায় যেন ভুল সিদ্ধান্ত না নিতে হয়, তাই তিনি আগেই দিনের মেন্যু ঠিক করে রাখতেন। এতে অযথা ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমে যায়।
ওজন কমানোর ক্ষেত্রে সবারই সহজ কোনো ‘ম্যাজিক টিপস’ জানার ইচ্ছা থাকে। কিন্তু সারার অভিজ্ঞতা প্রমাণ করে, আসল ম্যাজিক হলো ধারাবাহিকতা, শৃঙ্খলা আর সচেতনতা। ঝকঝকে ডায়েট ট্রেন্ডের চেয়ে সাধারণ কিছু জীবনধারার পরিবর্তনই টেকসই ফল দেয়।
দৈএনকে/ জে .আ