জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ

চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত সিনেমাটি নির্মিত হচ্ছে সারভাইভাল স্টোরি বা টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে। গল্পের বিষয়বস্তু ও পোস্টার ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
‘ফারজানা’র গল্পে দেখা যাবে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান এক ক্রাইম রিপোর্টার। এরপর একমাত্র সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তাঁর স্ত্রী। স্বামীকে হারিয়ে সন্তানকে আগলে রেখে জীবনসংগ্রামে নামতে হয় তাঁকে।
সমাজের নানা প্রতিকূলতা ও নিষ্ঠুর বাস্তবতার মধ্যে একজন নারী কীভাবে নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ রক্ষার চেষ্টা করেন, সেই লড়াই নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি। গল্পে উঠে আসবে সংকট, টিকে থাকার চেষ্টা এবং প্রতিকূল পরিস্থিতিতে একজন নারীর দৃঢ়তার চিত্র।
নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কয়েকটি নাটক পরিচালনা করে প্রশংসা পেয়েছেন। তবে ‘ফারজানা’ তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমাটি নিয়ে পরীমনি জানান, এর পরিকল্পনা শুরু হয়েছিল বেশ আগে। প্রায় ছয় মাস আগেই ছবিটির জন্য তাঁর লুক চূড়ান্ত করা হয়। তবে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। শুটিং সম্পন্ন হলে ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।