রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশে তিন কর্মকর্তার বদলি, যোগদানের শেষ সময় ২৮ অক্টোবর বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ
  • বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেক্সটাইল শিল্পের চাহিদা পূরণে দেশে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    রাষ্ট্রপতি বলেন, টেক্সটাইল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত। এ খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সেদিকেও গুরুত্ব দিতে হবে। এতে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

    দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে তুলার অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন মির্জা ফখরুল। এ জন্য কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় খুঁজে বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

    পাশাপাশি পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

    সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, বিসিএস (টেক্সটাইল) নামে পৃথক ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

    রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

    এ সময় বুটেক্সের উপাচার্য আগামী বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

    প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন