শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সরকার নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এর ফলে শিক্ষার্থীরা সময় নষ্ট না করে পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে।

নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) নিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজন করা গেলে সিলেবাস, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষাসহ পুরো শিক্ষাবর্ষের কার্যক্রম একই বছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে। এরপর শিক্ষার্থীরা জানুয়ারি মাস থেকেই উচ্চ মাধ্যমিক বা পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ডিসেম্বরকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস হিসেবে নির্ধারণ করা হবে এবং এ সময়েই বোর্ড পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। দ্রুত ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথও সহজ করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করতে পারবে। এতে সেশনজট কমবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই উচ্চশিক্ষায় প্রবেশ সম্ভব হবে।

নতুন কারিকুলাম কার্যকরের বিষয়ে তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে। তিনি বলেন, এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি, যাতে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা যায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন