মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও নতুন ক্রেতা খুঁজে পেতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। এতে তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে, রপ্তানি আদেশ পাওয়া যাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে প্রদর্শনীটি শুরু হয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত। এতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।
বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে দেশের রপ্তানি খাত নিয়ে বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্যভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এসবের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।
প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বাজারে দেশীয় পণ্যের পরিচিতি ও প্রবেশাধিকার বাড়ানো। পাশাপাশি নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন রপ্তানি বাজারের সন্ধানও করছেন অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং প্রদর্শনীর আয়োজকেরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা পান।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ নতুন ক্রেতা তৈরি, রপ্তানি আদেশ অর্জন এবং অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণে ভূমিকা রাখবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান ও বৈদেশিক বাণিজ্য বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।