সরকারি কর্মচারীদের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা নজরদারিতে: উপদেষ্টা

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, সরকার তা নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এটি সমস্যা নয়। তাঁদের অনেকে এখনো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে তা গুরুতর বিষয় বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’
নজরদারির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও প্রয়োজনীয় উপায় রয়েছে। তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে। তাঁর ভাষায়, ‘সরকারের “মেকানিজম” আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’
তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার কারণে প্রকাশ করতে চাননি প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।