বিশ্বনাগরিক হতে হবে, তবে শেকড়ের সঙ্গে থাকতে হবে: মাহদী আমিন

বিশ্বনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি নিজ দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, তরুণদের বিশ্ব থেকে শিখতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। তবে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক ও দায়িত্ববোধ অটুট রাখতে হবে।
সরকারের লক্ষ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে এবং প্রতিযোগিতা করতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক অগ্রগতি ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনকে নতুনভাবে গড়ে তুলছে। এ সময়ে একাডেমিক উৎকর্ষ গুরুত্বপূর্ণ হলেও শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য কিংবা ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।
তিনি এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, প্রচলিত ধারণাকে প্রশ্ন করবে এবং কঠিন সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে। দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অন্যদের কাছে অসম্ভব মনে হওয়া কাজেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক হওয়ার পাশাপাশি তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিক মূল্যবোধ ধরে রাখার পরামর্শ দেন মাহদী আমিন। তিনি বলেন, শুধু বর্তমান বিশ্বে সফল হওয়ার লক্ষ্য নিয়ে এগোলে হবে না; নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামীর পৃথিবী গড়ার স্বপ্ন দেখতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বে প্রতিযোগিতা করার পাশাপাশি বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণদের অনুপ্রাণিত করা, সহযোগিতা দেওয়া এবং তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
বাংলাদেশের সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার অসীম সুযোগ রয়েছে। তবে শুধু সম্ভাবনা দিয়ে জাতি গড়ে ওঠে না, মানুষই জাতি গঠন করে। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্প জাতীয় স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ যেমন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতেও বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে গর্বের সঙ্গে তুলে ধরতে হবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ভালো ফলাফলের মধ্যে নিজেদের অর্জন সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজ ও পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এগোতে হবে। একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো যাত্রার সমাপ্তি নয়, বরং সম্মিলিত দায়িত্ববোধ নিয়ে নতুন পথচলার সূচনা।
ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ। তবে ভবিষ্যতে তারা কতদূর এগোবেন, তা নির্ভর করবে তাদের উচ্চাকাঙ্ক্ষা ও পরবর্তী কর্মপরিকল্পনার ওপর। অর্জনের আনন্দ উদযাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। জীবনের সেরা অর্জনগুলো এখনো সামনে অপেক্ষা করছে।
কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, শীর্ষস্থানীয় বিজ্ঞানী, বিশ্বমানের প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এসব শিক্ষার্থী বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এমন প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যা ভবিষ্যতে মানবজাতির জীবনধারায় পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা বক্তব্য দেন। এ ছাড়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি-সাউথ এশিয়া) শামীম চৌধুরী।