অবৈধ ইটভাটার আড়ালে ‘ম্যানেজ’ বাণিজ্য, ঝুঁকিতে জনস্বাস্থ্য

আইন আছে, বিধিনিষেধ আছে, তদারকির জন্য সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। তারপরও বছরের পর বছর কীভাবে অবৈধ কর্মকাণ্ড চলে—বাংলাদেশের বাস্তবতায় এ প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি দূর যেতে হয় না। অনেক ক্ষেত্রেই উত্তরটি এক শব্দে সীমাবদ্ধ: ‘ম্যানেজ’। নিয়ম ভাঙার পরও পার পেয়ে যাওয়া, প্রশাসনিক নজরদারি এড়িয়ে ব্যবসা চালানো কিংবা অপরাধকে বৈধতার আবরণে ঢেকে রাখার এই সংস্কৃতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং নানা অনিয়মের পেছনে এটি এক ধরনের অঘোষিত ব্যবস্থায় পরিণত হয়েছে।
বরিশাল বিভাগের তিন শতাধিক ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে—সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে এমন তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এসব ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। কোথাও ব্যবহার করা হচ্ছে ড্রামের চিমনি, কোথাও নিষিদ্ধ চিমনি। জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও চলছে ইট তৈরির কার্যক্রম। অথচ পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে এতগুলো অবৈধ ইটভাটা কীভাবে বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছে?
প্রকাশিত প্রতিবেদনে দুটি ইটভাটার মালিক পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগটি সত্য হলে তা কেবল কয়েকজন ইটভাটার মালিকের অনিয়মের বিষয় নয়; বরং সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে। কোনো অবৈধ ব্যবসা যদি প্রশাসনিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে দীর্ঘদিন টিকে থাকে, তাহলে সেখানে শুধু ব্যবসায়ীদের দায় দেখলে চলবে না। কারা দেখার দায়িত্বে ছিলেন, তাঁরা কী করেছেন এবং কীভাবে আইন অকার্যকর হয়ে পড়েছে—এসব প্রশ্নেরও উত্তর প্রয়োজন।
ইটভাটার দূষণ কোনো সাধারণ পরিবেশগত সমস্যা নয়। ইট পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও ক্ষতিকর কণা বায়ুদূষণ বাড়ায়। এর প্রভাবে হাঁপানি, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি তৈরি হয়। দীর্ঘদিন দূষিত বাতাসে বসবাস করলে ফুসফুসের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে; হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে শিশু, বয়স্ক মানুষ এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরা। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বিকাশও দূষণের কারণে বাধাগ্রস্ত হতে পারে।
অর্থাৎ, অবৈধ ইটভাটার মালিকেরা যখন নিয়ম ভেঙে ব্যবসা চালান, তখন তার মূল্য দিতে হয় আশপাশের সাধারণ মানুষকে। তাঁদের ঘরের জানালা দিয়ে ঢোকে ধোঁয়া, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে দূষণ, শিশুদের স্বাভাবিক জীবনযাপন হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। অথচ এই মানুষগুলোর অধিকাংশেরই দূষণের উৎস বন্ধ করার মতো ক্ষমতা নেই। তাঁরা শুধু ক্ষতির শিকার হন, আর প্রভাবশালী ও অসাধু ব্যবসায়ীরা নানা কৌশলে নিজেদের স্বার্থ রক্ষা করেন।
প্রতিবেদনে থ্রি স্টার নামের একটি ইটভাটার মালিক হিসেবে জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমিরের নাম উঠে এসেছে। তিনি নিজেই পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করার কথা স্বীকার করেছেন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয়ই আইন ভঙ্গের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না। বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তি হলে তাঁর কাছ থেকে আইন মানার প্রত্যাশা আরও বেশি। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে কেউ যদি অবৈধ ব্যবসা পরিচালনা করেন বা প্রশাসনিক জবাবদিহি এড়িয়ে যান, তাহলে তা আইনের শাসনের জন্য উদ্বেগজনক।
এখানে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কোনো এলাকায় শত শত অবৈধ ইটভাটা চললে সেগুলোর অস্তিত্ব কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়। নিয়মিত পরিদর্শন, ছাড়পত্র যাচাই, দূষণ নিয়ন্ত্রণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব। কিন্তু বাস্তবে যদি অবৈধ ভাটাগুলো নির্বিঘ্নে চলতে থাকে, তাহলে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে। কোথাও দায়িত্বে অবহেলা হয়েছে কি না, কোথাও অনৈতিক লেনদেনের মাধ্যমে অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে কি না—নিরপেক্ষ তদন্তে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি ইটভাটায় জরিমানা করলেই সমস্যার সমাধান হবে না। অভিযান শেষে আবারও যদি আগের মতো ব্যবসা চলতে থাকে, তাহলে সেই অভিযান লোকদেখানো ছাড়া কিছু নয়। প্রয়োজন অবৈধ ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা তৈরি, মালিকানা ও অনুমোদনের তথ্য যাচাই, দূষণের মাত্রা পরীক্ষা এবং আইন অনুযায়ী ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে যেসব কর্মকর্তা দায়িত্বে থেকেও অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।
ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, নির্ধারিত দূরত্ব ও অবস্থানবিধি অনুসরণ এবং বৈধ অনুমোদন নিশ্চিত করা জরুরি। তবে নিয়ম মানার নামে কোনো ধরনের অনৈতিক সমঝোতা বা অর্থের বিনিময়ে ছাড় দেওয়ার সুযোগ রাখা যাবে না। পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান যদি নিজেরাই অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।
‘ম্যানেজ’ সংস্কৃতি আসলে আইনের শাসনের বিপরীত এক বাস্তবতা। যেখানে অর্থ, প্রভাব কিংবা পরিচয়ের জোরে নিয়মকে পাশ কাটানো যায়, সেখানে আইন কেবল সাধারণ মানুষের জন্য কঠোর হয়ে ওঠে। এই প্রবণতা বন্ধ করতে হলে অপরাধীর পরিচয় নয়, অপরাধের গুরুত্ব বিবেচনায় ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক প্রভাব কিংবা প্রশাসনিক যোগাযোগ—কোনোটিই যেন দায়মুক্তির হাতিয়ার না হয়।
বরিশালের অবৈধ ইটভাটার অভিযোগ তাই শুধু একটি বিভাগের পরিবেশদূষণের ঘটনা নয়; এটি প্রশাসনিক জবাবদিহি ও আইনের কার্যকারিতা যাচাইয়েরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরিবেশ অধিদপ্তরকে দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। অবৈধ ভাটা বন্ধের পাশাপাশি ‘ম্যানেজ’ করার অভিযোগেরও সুনির্দিষ্ট অনুসন্ধান প্রয়োজন। কারণ, ইটভাটার ধোঁয়া শুধু আকাশকে দূষিত করে না, অনিয়মের সঙ্গে আপস চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থাও ধীরে ধীরে নষ্ট হয়।
জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে কোনো ব্যবসা চলতে পারে না। যাঁরা নিয়ম ভেঙে মুনাফা করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; আর যাঁরা দায়িত্বে থেকেও সেই অনিয়মের সুযোগ করে দিচ্ছেন, তাঁদেরও জবাবদিহির মুখোমুখি করতে হবে। ‘ম্যানেজ’ করে অবৈধ ব্যবসা চালানোর দিন শেষ না হলে পরিবেশ রক্ষার আইন কাগজেই থেকে যাবে, আর দূষণের বোঝা বইতে হবে সাধারণ মানুষকেই।