কপ-৩১ সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও প্রযুক্তি চাইবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও সম্মেলনে অংশগ্রহণ নিয়ে সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রসচিব বলেন, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে সম্মিলিত দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে। উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, প্রয়োজনীয় তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পাবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত কত অর্থ পেয়েছে, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় দিতে পারবে। তবে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক জনমত গঠনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১০ নভেম্বর তুরস্ক সফরে যাবেন। ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
উল্লেখ্য, তুরস্কের আনাতোলিয়ায় ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।