মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তরুণের চেয়ে প্রবীণ বেশি হবে বাংলাদেশে, সতর্ক করল বিশ্বব্যাংক তুরাগে সাবেক বিমান কর্মকর্তার লাশ উদ্ধার, দীপের রিমান্ড বাড়ল ৩ দিন আজারবাইজান থেকে ফিরেই পুরস্কার পেলেন কিশোর ফুটবলাররা ২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন, বিতরণ করা হবে ১ কোটি চশমা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা মিরপুরে একা পেয়ে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টায় হামে ৬ মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ৫৪৬ জন ঢাকায় ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলা যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
  • জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াবে সরকার

    জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াবে সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

    জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকার যতটা সম্ভব এ উৎসের ওপর নির্ভরতা বাড়াতে চায়। সম্প্রতি বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এ প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরেছেন।

    নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানো, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

    এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে নেট মিটারিংয়ের আওতায় গ্রাহকের উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

    সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ ক্ষেত্রে পরিচালন ব্যয়ভিত্তিক বা অপারেশনাল এক্সপেন্ডিচার মডেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    এবারের সোলার এক্সপোর প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতের আয় বাড়াই’। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করেও গ্রাহকের আয় করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে মেটানোর উদ্যোগ নিতে পারেন গ্রাহকেরা।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, সোলার এক্সপোতে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনার থেকে পাওয়া সুপারিশ ও দিকনির্দেশনার ভিত্তিতে পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ বড় সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছে সরকার।

    মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগোচ্ছে

    রাজধানীর যানজট কমানো, যাতায়াতে সময় সাশ্রয় এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান।

    তিনি জানান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    এ ছাড়া দেশের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ধরনের কোচ আমদানির কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে ১৮টি ব্রডগেজ কোচ দেশে পৌঁছেছে। বাকি কোচগুলোও দ্রুত দেশে আসবে বলে জানান তিনি।

    ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা ১ কোটি ৭৭ লাখ টাকা

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় গত অক্টোবর মাসে সারা দেশে ৯৯৩টি তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন