আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

আজ বিজয়া দশমী। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা।
পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ৬টায় পূজা শুরু হয়। সকাল ৮টায় পুষ্পাঞ্জলি এবং ৮টা ৫২ মিনিটে পূজা সমাপন হয়। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। সন্ধ্যারাত্রিক শেষে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
বৈদিক পঞ্জিকা ও পঞ্চাঙ্গ অনুযায়ী, বিজয়া দশমীর বিহিত পূজা ও ঘট চালনার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা ২৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত। দর্পণ বিসর্জনের সময় সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট। প্রতিমা নিরঞ্জনের শুভক্ষণ নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত।
রাজধানীতে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সূচি অনুযায়ী, বুধবার বেলা ৩টা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায় রাতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। রামকৃষ্ণ মিশনেও রাত ৮টার দিকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে।
গত বছর রাজধানীতে ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো—বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট।
মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।