বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম ঢাকা, বায়ুমান ১৫৮

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ছিল ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তালিকায় এদিন সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি এবং একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি।
আইকিউএয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুমানের তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।