পপির নতুন ভাবনা, গল্প ভালো হলে অভিনয় নয়তো প্রযোজনা

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি পুরোনো বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে পপি সিনেমাকে ‘পাপ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিষয়টি পরিষ্কার করে পপি জানিয়েছেন, তার বক্তব্যের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় ছাড়ার কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি একটি গণমাধ্যম পপির পুরোনো বক্তব্যের একটি কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। সেখানে পপিকে বলতে শোনা যায়, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয় দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য। অনেকে মনে করেন, চলচ্চিত্রে কাজ করাকে পাপ হিসেবে দেখছেন পপি। অভিনেতা বাপ্পারাজও এ বিষয়ে মন্তব্য করেন। তার মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়।
এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে পপি বলেন, তিনি কোথাও বলেননি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছেন। মানুষ জেনে-না-জেনে বিভিন্ন ধরনের ভুল বা পাপ করতে পারে এবং সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
পপির ভাষ্য, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে স্বামী-সংসার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে চাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই।
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, যে সিনেমা তাকে যশ, খ্যাতি ও সম্মান দিয়েছে এবং যার মাধ্যমে দীর্ঘদিন পরিশ্রম করে উপার্জন করেছেন, সেই চলচ্চিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই ওঠে না।
পপি জানান, তিনি এখনো চলচ্চিত্রকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। তার দাবি, এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ভবিষ্যতে কোনো গল্প ভালো লাগলে আবারও অভিনয়ে ফিরতে পারেন। এমনকি নিজের জীবন নিয়ে তৈরি কোনো বায়োগ্রাফিতে অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার প্রতিও আগ্রহ রয়েছে পপির। সময় ও সুযোগ পেলে ভালো গল্প নিয়ে সিনেমা প্রযোজনায় আসতে চান তিনি।
বর্তমানে স্বামী আদনান ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সংসারেই সময় কাটছে পপির। জীবনের প্রয়োজনেই সিনেমা থেকে কিছুটা দূরে সরে এসেছেন জানিয়ে তিনি বলেন, তার স্বামী তাকে আগলে রাখেন এবং সবার দোয়ায় তাদের সংসার ভালোই চলছে।
পপির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ ছাড়া আরও কয়েকটি সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেসব সিনেমার কাজেও আর সময় দিতে পারেননি এই অভিনেত্রী।