বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘ইরানিরা কী করে, সবই আমরা দেখি’: ডোনাল্ড ট্রাম্প ন্যায়বিচার-সমতায় টেকসই শান্তি: আইরিন খান মেসির বিদায় স্মরণীয় করতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ জ্বালানি আমদানিতে বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকার ব্যয় সবুজ ও টেকসই অর্থায়নে ভাটা, এক বছরে বিনিয়োগ কমেছে ৫৩ হাজার কোটি টাকা ওসমানী মেডিকেলে সময়মতো আসেন না চিকিৎসকরা, ছাড়েনও আগেই ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটার আশা প্রতিমন্ত্রীর ‘ট্রাম্প প্রণালি’! হরমুজের নাম পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট শাপলা চত্বর মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৩০ আসামির খোঁজ মেলেনি
  • সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, মেলেনি জামিন

    সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, মেলেনি জামিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। আপিল গ্রহণের পর জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করেননি আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

    বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালতে আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

    বিদিশার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করেন।

    বিদিশার আইনজীবী মো. মাহমুদুল কবির বলেন, ‘আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেছেন। এরপর জামিনের আবেদন করা হয়। শুনানিতে আমরা বলেছি, বিদিশার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। তিনি একজন নারী—এসব বিষয় বিবেচনায় নিয়ে জামিন দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন।’

    আরেক আইনজীবী মনিরুজ্জামান সবুজ বলেন, ‘আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। আদালত জামিন দেননি। এখন আমরা উচ্চ আদালতে যাব। সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা করছি।’

    গ্রেপ্তার হয়ে কারাগারে বিদিশা

    গত ২০ মে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

    রায়ে বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে বিদিশার আইনজীবীরা আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ২০০৮ সালে মামলা

    বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।

    মামলার অভিযোগ অনুযায়ী, মোশাররফ হোসেন বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য খোঁজ করছিলেন। পরে বিদিশার মাধ্যমে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাটের বিষয়ে জানতে পারেন। ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাকে ফ্ল্যাটটি দেখান এবং বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির বিষয়ে চুক্তি হয়।

    অভিযোগে আরও বলা হয়, ওই বছরের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নিয়ে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ওই অর্থ পরিশোধ করেন বাদী। এরপর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

    চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পর বাকি টাকা পরিশোধ সাপেক্ষে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

    পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন বিদিশা। অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ৭২ লাখ টাকার একটি চেক দেন। নির্ধারিত সময়ে ব্যাংকে চেকটি জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।

    বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে বিদিশা টাকা বা ফ্ল্যাট কোনোটিই দেননি। এমনকি তাকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন