ইধিকা-যিশুর এমন রূপ আগে দেখেননি দর্শক, নেপথ্যে সৃজিতের ভাবনা

ইতিহাসের আবহ, তার সঙ্গে গোয়েন্দা-রহস্য—সব মিলিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক। প্রথম ঝলকেই চেনা তারকাদের একেবারে ভিন্ন অবতারে দেখা গেছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র গোয়েন্দা কানাইচরণ। এই চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। ফার্স্ট লুকে তার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ধূসর চুল ও গোঁফ, চোখে চশমা—সব মিলিয়ে যিশুর পরিচিত গ্ল্যামারাস উপস্থিতির বাইরে গিয়ে তৈরি করা হয়েছে চরিত্রটি। তার অভিব্যক্তিতেও রয়েছে রহস্যের ছাপ। কখনও স্থির দৃষ্টি, আবার কখনও চিন্তামগ্ন মুখভঙ্গি—প্রথম ঝলকেই কানাইচরণকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
অন্যদিকে সিনেমায় নায়িকার চরিত্রে থাকা ইধিকা পালকেও দেখা গেছে একেবারেই ভিন্ন সাজে। তার লুকে নেই চেনা গ্ল্যামারের ছাপ। একেবারে সাধারণ, পাশের বাড়ির মেয়ের মতো স্বাভাবিক অবতারে হাজির হয়েছেন তিনি।
চরিত্র দুটির লুক নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, যিশু ও ইধিকাকে ছকভাঙা অবতারে উপস্থাপন করতে চেয়েছেন তিনি। এর আগে দর্শক তাদের এভাবে দেখেননি। চরিত্রের ধরন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই তাদের লুক তৈরি করা হয়েছে। বিশেষ করে ইধিকাকে দেখা যাবে ডিগ্ল্যাম লুকে।
সৃজিতের নির্মাণে এর আগে ব্যোমকেশ, ফেলুদা ও শার্লক হোম্সের মতো গোয়েন্দা চরিত্র উঠে এসেছে। তবে কানাইচরণ যে আগের কোনো গোয়েন্দা চরিত্রের পুনরাবৃত্তি নয়, ফার্স্ট লুকেই তার ইঙ্গিত মিলেছে। পোশাক, চেহারা ও শরীরী ভাষায় আলাদা সময়কাল এবং ভিন্ন আবহ তৈরি করার চেষ্টা রয়েছে।
এর আগে সিনেমাটির একটি ছবি প্রকাশ্যে এসেছিল। সেখানে ইধিকাকে হাতে ধরে ক্রিকেট শেখাতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিতকে। নতুন সিনেমায় ক্রিকেটের সঙ্গে ইধিকার চরিত্রের কী যোগ রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অনুজয় চট্টোপাধ্যায়।
তবে ফার্স্ট লুকের প্রকাশিত ছবিগুলোতে গল্পের মূল রহস্য পুরোপুরি সামনে আনেননি নির্মাতা। বরং কয়েকটি প্রশ্ন রেখে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কানাইচরণ কে, তার তদন্তের বিষয় কী এবং ক্রিকেটের সঙ্গে ইধিকার চরিত্রের সম্পর্কই বা কোথায়—এসব প্রশ্নের উত্তর আপাতত রয়ে গেছে অজানা।
ফলে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর প্রথম ঝলক গল্পের বিস্তারিত জানানোর বদলে রহস্যের আবহ তৈরি করতেই বেশি গুরুত্ব দিয়েছে। চেনা অভিনেতাদের অচেনা রূপে হাজির করে সিনেমাটিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন সৃজিত। বাকি রহস্যের জট খুলবে সিনেমা মুক্তির পর।