সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

‘নিঃস্ব’ দিয়ে হ্যাটট্রিক শাকিব-ইধিকার

‘নিঃস্ব’ দিয়ে হ্যাটট্রিক শাকিব-ইধিকার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বিগ-বাজেট সিনেমা ‘নিঃস্ব’-এ দেখা যাবে এই জুটিকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব ও ইধিকার তৃতীয় সিনেমা।

এর আগে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। পরপর দুই সিনেমায় দর্শকের সাড়া পাওয়ার পর নতুন সিনেমায় তাদের পুনর্মিলন নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

‘প্রিয়তমা’ দিয়ে শুরু

শাকিব খান ও ইধিকা পাল প্রথমবার জুটি বাঁধেন ২০২৩ সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায়। এটি ছিল ইধিকার বড় পর্দায় অভিষেক।

প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ইধিকা। সিনেমাটির গল্প ও দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। বিশেষ করে শাকিব-ইধিকার জুটি সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

‘বরবাদ’-এ ভিন্ন আবহ

‘প্রিয়তমা’র পর ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পায় শাকিব-ইধিকা অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে প্রেমের পাশাপাশি অ্যাকশনধর্মী আবহও ছিল।

আগের সিনেমার তুলনায় ভিন্ন ধরনের চরিত্র ও গল্পে দেখা যায় দুই তারকাকে। তাদের অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের প্রশংসা পায়। প্রযোজনা সংশ্লিষ্টদের দাবি, ব্যবসায়িকভাবেও সিনেমাটি ভালো সাফল্য অর্জন করেছে।

‘নিঃস্ব’ নিয়ে তৈরি হচ্ছে কৌতূহল

দুটি সিনেমার পর তৃতীয়বার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব ও ইধিকা। ফলে নতুন সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে।

‘নিঃস্ব’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন আলোচনা চলছিল। একপর্যায়ে অভিনেত্রী সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইধিকা পালকেই সিনেমাটির জন্য চূড়ান্ত করা হয়েছে।

তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। বিশেষ একটি ঘোষণা ভিডিওর মাধ্যমে বিষয়টি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুটিং শুরু হতে পারে অক্টোবরে

বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

‘প্রিয়তমা’তে প্রেমের গল্প আর ‘বরবাদ’-এ অ্যাকশনঘন আবহে দর্শকের সামনে এসেছিল শাকিব-ইধিকা জুটি। এবার ‘নিঃস্ব’-এ তাদের চরিত্র ও গল্পের ধরন কেমন হবে, সেটিই এখন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। তৃতীয় সিনেমায় এই জুটি আগের সাফল্য ধরে রাখতে পারে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন