রাখি উৎসবে সলমন-অর্পিতা, নেপথ্যের ‘দ্য লাস্ট সাপার’ নিয়ে আলোচনা

রাখিবন্ধন উপলক্ষে বোন অলবীরা খান ও অর্পিতা খান শর্মার সঙ্গে সময় কাটিয়ে উৎসব উদ্যাপন করেছেন বলিউড অভিনেতা সলমন খান। অর্পিতা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কিছু মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেন। ভাই-বোনের ভালোবাসার এই মুহূর্তগুলো অনুরাগীদের নজর কাড়লেও ভিডিওতে থাকা একটি বিশেষ বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে দেখা যায়, অর্পিতা প্রথমে সলমনের আরতি করেন। এরপর তাঁর হাতে রাখি পরিয়ে দেন। তবে এই আয়োজনের পেছনের দেয়ালে থাকা লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে।
একদিকে ভারতীয় ঐতিহ্য অনুযায়ী রাখিবন্ধন উৎসব, অন্যদিকে পেছনে যিশু খ্রিস্টকে কেন্দ্র করে তৈরি ঐতিহাসিক শিল্পকর্ম—এই দুই ভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই বিষয়টিকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেছেন। কেউ কেউ আবার মজার ছলে বিভিন্ন ধর্মীয় প্রতীকের সহাবস্থান নিয়ে মন্তব্য করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, ‘একমাত্র ভাই-ই (সলমন) পারেন তিন ধর্মকে এক ফ্রেমে আনতে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অর্পিতা, সলমন, যিশু—খুবই সেকুলার আবহ।’
তবে খান পরিবার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উদ্যাপনের জন্য পরিচিত। তাই এই আয়োজন নিয়েও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সলমনের ব্যস্ততা
কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন সলমন খান। আগামী সেপ্টেম্বর থেকে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের ভূমিকায় আবারও দেখা যাওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংহ।
অন্যদিকে প্রযোজক দিল রাজুর সঙ্গে সলমনের নতুন সিনেমা ‘মনস্টার’ নিয়েও চলছে আলোচনা। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে ছবিটি।